ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বিপিএল ম্যাচ স্থগিতকে কেন্দ্র করে মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ঘিরে চলমান অস্থিরতা এবার রূপ নিলো সরাসরি উত্তেজনায়। নির্ধারিত ম্যাচ না হওয়ায় রাজধানীর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ দর্শকদের ভাঙচুরে পরিস্থিতি একপর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরের পর বিপিএলের দুটি ম্যাচ বাতিল হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন মাঠে আসা দর্শকরা।


খেলা দেখতে এসে স্টেডিয়ামের গেট বন্ধ দেখে অনেকেই উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে স্টেডিয়ামের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করা হয় এবং বিসিবির বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়। বিপিএলের ব্যানার ও বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়, এমনকি স্টেডিয়ামের ভেতরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। খবর পেয়ে দ্রুত সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। বর্তমানে স্টেডিয়াম ও আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।


এই পরিস্থিতির সূত্রপাত বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে ঘিরে। ক্রিকেটারদের নিয়ে তার বক্তব্যের প্রতিবাদে ক্রিকেটাররা তার পদত্যাগ দাবি করেন। দাবি পূরণ না হওয়ায় তারা বিপিএলের ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেন, যার ফলে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার প্রথম ম্যাচসহ দিনের দুইটি ম্যাচই অনুষ্ঠিত হয়নি।


চাপের মুখে বিসিবি পরে নাজমুল ইসলামকে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেয়। বিসিবির সংবিধানের ৩১ অনুচ্ছেদের ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই ওই কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।


ads
ads
ads

Our Facebook Page